ওশান নিউজ প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ এখন তার ছেলে তারেক রহমানের বাসায় নেয়া হয়েছে। মা খালেদা জিয়ার কফিনের পাশে বসে কুরআন তেলাওয়াত করছেন ছেলে তারেক রহমান।
আজ ৩১ ডিসেম্বর বুধবার সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশে বের করা হয় বেগম খালেদা জিয়ার মরদেহ। এরপর নেয়া হয় গুলশানের তারেক রহমানের বাসায়।
সেখানে তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আপসহীন বিএনপি নেত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে দুপুর সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন বেগম খালেদা জিয়া।
এদিকে, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে পৌষের হার কাঁপানো শীত উপেক্ষা করে ভোর রাজধানীতে দলে দলে আসছেন মানুষ। এছাড়া রাতেই জাতীয় সংসদ ভবন এলাকা, এভারকেয়ার, গুলশান কার্যালয় ও ফিরোজার সামনে নেতাকর্মীরা ভিড় করেন।
বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে আজ ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। জানাজা ঘিরে রাজধানীজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
মন্তব্য করুন